সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই ১৮ হাজার আবেদন
২,৩৬৭ গ্রাহক এককালীন আমানত ফেরতের আবেদন করেছেন, উত্তোলন ৭ সেপ্টেম্বর থেকে
সম্মিলিত ইসলামী ব্যাংকের ২ হাজার ৩৬৭ জন গ্রাহক এককালীন তাদের পুরো আমানতের মূল অর্থ ফেরতের জন্য আবেদন করেছেন। এসব আবেদনে মোট ২৪৪ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে আবেদনকারীরা তাদের জমা টাকার মূল অংশ উত্তোলন করতে পারবেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, টাকা উত্তোলনের জন্য আবেদন প্রক্রিয়া ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে আবেদন জমা দিতে হবে।
যেভাবে টাকা পাবেন গ্রাহকরা
সোমবার (৩১ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সব শাখায় পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, শাখা পর্যায়ে জমা হওয়া আবেদনগুলো যাচাই শেষে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নগদ অর্থের সংস্থান করে শাখায় পাঠানো হলে সেখান থেকেই আমানতকারীদের টাকা বুঝিয়ে দেওয়া হবে।
আপাতত শুধু মূল আমানত ফেরত
ব্যাংকের নীতিমালা অনুযায়ী, আপাতত শুধু ব্যক্তি আমানতকারীরা তাদের জমা টাকার মূল অংশ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলতে পারবেন।
আমানতের ওপর অর্জিত মুনাফার অর্থ পরবর্তীতে দেওয়া হবে। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক আমানতকারীরা ঘোষিত স্কিমের বাইরে গিয়ে আপাতত টাকা তুলতে পারবেন না।
আবেদনে যেসব তথ্য দিতে হবে
অর্থ উত্তোলনের জন্য আবেদনপত্রে গ্রাহককে তার হিসাবসংক্রান্ত কয়েকটি তথ্য উল্লেখ করতে হবে। এর মধ্যে রয়েছে—
-
হিসাবে মোট জমা টাকার পরিমাণ;
-
প্রত্যাশিত উত্তোলনের পরিমাণ;
-
টাকা উত্তোলনের সুনির্দিষ্ট কারণ।
আবেদন যাচাই ও প্রয়োজনীয় অর্থের সংস্থান শেষে সংশ্লিষ্ট শাখা বা উপশাখা থেকে গ্রাহকদের অর্থ দেওয়া হবে।
১ সেপ্টেম্বরের পরিবর্তে ৭ সেপ্টেম্বর থেকে উত্তোলন
এর আগে ১ সেপ্টেম্বর থেকেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। তবে কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগায় অর্থ উত্তোলনের কার্যক্রম এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে বলে ব্যাংকটির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
পাঁচ ব্যাংক একীভূত হয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চরম সংকটে পড়া পাঁচটি বেসরকারি ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক—একীভূত করে গঠিত হয় ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।
ব্যাংকটির আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমানে ব্যক্তি আমানতকারীদের মূল আমানত উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে।